
অস্ত্র পাচারে ক্রমশ হটস্পট হয়ে উঠছে শিয়ালদহ। শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে সোমবার সকালে একাধিক অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
সূত্রে খবর বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি কলকাতা নিয়ে আসা হয়েছিল। এই ঘটনায় হাসান শেষ নামে বছর ৪২ এর যুবককে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন শিয়ালদহ স্টেশনে সাদা পোশাকে টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই সময়ই হাসানকে দেখে সন্দেহ হয়। তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে ছটি পিস্তল ২টি ওয়ান শাটার এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সম্প্রতি শিয়ালদহর সুরেন্দ্রনাথ উইমেনস কলেজের সামনে থেকে বিপল পরিমাণ আগ্নেযাস্ত্র উদ্ধার করা হয়। গত বছরে শিয়ালদহ বৈঠকখানা বাজার থেকে একজনকে গ্রেফতার করেছিল এসটিএফ।
ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রাজ্যসরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই ঘটনার দ্রুত তদন্ত করা উচিত বলেও এক্স হ্যান্ডেলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।








