
দীপাবলিতে গত বারের তুলনায় এ বছর কলকাতার পরিস্থিতি অনেক ভাল। ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় এ বার দূষণও অনেক কম হয়েছে কলকাতায়।
মঙ্গলবার সকালে সিপি মনোজ বর্মা বলেছেন, শব্দ ৯০ ডেসিবলের থেকে কম রয়েছে মানে তা সীমার মধ্যেই রয়েছে। এ সংক্রান্ত সীমা ১২৫ ডেসিবল। এ ছাড়া, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বায়ুদূষণের উপরেও নজর রাখা হয়েছিল। তখনও পর্যন্ত সারা ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ কম ছিল। রাত ১০টা কিংবা ১২টার রিপোর্ট খতিয়ে দেখলে গোটা চিত্রটা স্পষ্ট হবে। তবে সিপি মনোজের কথায়, শব্দদূষণ হোক বা বায়ুদূষণ-চলতি বছরে দীপাবলিতে দুটোই গত বছরের তুলনায় কম রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় টহল দিয়ে সবদিক খতিয়ে দেখে পুলিশের আরও দাবি, এ বছর ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ অনেক কম হয়েছে। যদিও রাত ১২টা পর্যন্ত দূষণ নিয়ন্ত্রক পর্যদের কাছে জমা পড়েছে ৪১টি অভিযোগ। বেশি অভিযোগ জমা পড়েছে কসবা, নিউ আলিপুর, সল্টলেক, শিয়ালদহ, যোধপুর পার্ক, ভবানীপুর, বালিগঞ্জ থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১২টা পর্যন্ত পুলিশের কাছেও শব্দবাজি সংক্রান্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার হয়েছেন অন্তত ১৮৩ জন।






