
মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে ছাত্রীদের অত্যাচারের অভিযোগে এবার আইপিএস মুরলীধর শর্মাকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট থানার সিসিটিভি এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখে আদালতে রিপোর্ট দিতে।
২৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ধাক্কায় ছাত্রের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘটে সামিল হওয়ায় মেদিনীপুরে মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ করে এসএফআই, ডিএসও। মেদিনীপুরের মহিলা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বাম ছাত্রীরা।
গরম মোমের ছ্যাঁকা, বুট-বেল্ট দিয়ে মারধরের অভিযোগ ওঠে। এসএফআই নেত্রী সুচরিতা দাস, ডিএসও নেত্রী সুশ্রীতা সোরেনের মামলাতে আইপিএস মুরলীধর শর্মাকে পুরো বিষয়টি খতিয়ে দেখে ২৫ মার্চের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।







