
সকাল থেকেই ভিড়ে থিকথিক চিড়িয়াখানা, নিক্কো পার্ক, ইকো পার্ক ভিক্টোরিয়া। একই ছবি বো ব্যারাক-পার্ক স্ট্রিটেও।
কেউ এসেছেন প্রেমিকার হাত ধরে, কেউবা আবার পরিবারকে নিয়ে। উৎসাহ দেখে বোঝা ভার কে কোন বয়সের। মাথায় সান্তা টুপি, টিয়ারা পরে আলো ঝলমল পার্ক স্ট্রিটের এপ্রান্ত থেকে ওপ্রান্ত হেঁটে বেড়ানো। তবে শুধু হেঁটে বেড়ানোই নয়, পেটের টানে রাস্তার দুপাশে রেস্তোরাঁতে হানাও দিয়েছে অনেকে। সবমিলিয়ে জমজমাট পার্ক স্ট্রিট। একই ছবি বউবাজারের বো ব্যারাকেও। সেখানে স্থানীয়দের সঙ্গে উৎসবে মেতেছে সাধারণ মানুষও। উৎসবে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য সতর্ক ছিল পুলিশও। কয়েক হাজার পুলিশকর্মী মোতায়েন রয়েছে শহরে। রয়েছে কুইক রেসপন্স টিমও। শুধু কলকাতায় নয় ভিড় উপচে পড়েছে দিঘা, মন্দারমনি, তাজপুর, বকখালিতে। জমিয়ে ঠান্ডা উপভোগ করতে দার্জিলিং এখন পর্যটক ঠাসা। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, তারাপীঠ সহ বিভিন্ন ধর্মীয় স্থানে একই ছবি।
এছাড়া জেলায় জেলায় বিভিন্ন পার্কেও মানুষ ভিড় জমিয়েছেন। বড়দিনে সকাল থেকেই পিকনিকে মজেছেন মানুষজন।
