
কালীঘাটে ১০০ বছরেরও বেশি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। স্থানীয় সূত্রের খবর, কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের মদন পাল লেনে পুরনো এই বাড়ির একাংশ ভেঙে পড়ে।
তার আওয়াজে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাড়ির নীচে থাকা ১৪ টি পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে বের করে আনেন। এই ঘটনার কিছু পরেই বাড়িটির বড় একটি অংশ সকলের সামনে ধসে পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই দমকল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আসেন স্থানীয় কাউন্সিলরও।
বাড়িটির অবশিষ্টাংশ নিয়ে কী করা হবে তা আইন মেনে সিদ্ধান্ত নেবে প্রশাসন। এন্টালি থানা এলাকার ২৩ নম্বর কনভেন্ট রোডে পরিত্যক্ত একটি অ্যাসিড কারখানার একাংশ ভেঙে পড়েছিল গত মাসে। সেই ঘটনায় ২ জনের মৃত্যু হয়।
