
ঘূর্ণিঝড় মোকাবিলায় কলকাতা পুরসভায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় একাধিক বিভাগের ৪ দিনের ছুটি বাতিল করা হয়েছে। যেকোনও পরিস্থিতির মোকাবিলায় কলকাতা পুলিশের তরফেও হেল্পলাইন খোলা থাকছে। রাজভবনের তরফেও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা থাকছে।
পরিস্থিতির ওপর নজর রাখছেন রাজ্যপাল নিজেই। এমনটাই রাজভবনের তরফে জানানো হয়েছে। এদিকে মেয়র ফিরহাদ হাকিম ডিজি পার্ক, বিপর্যয় দফতরকে ঝড়ে উপড়ে পড়া গাছ দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় যন্ত্র, গাছ কাটার মেশিন নিয়ে প্রস্তত থাকতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের সতর্ক করাহয়েছে। মোমিনপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা অঞ্চল যেখানে জল জমে এমন জায়গায় পাম্পিং স্টেশনগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রেমালের প্রভাবে গঙ্গায় জলস্তর ১৬ ফুটের বেশি হতে পারে। এরজন্য গঙ্গার ঘাটের লকগেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।








