
গিরিশ পার্কের রবীন্দ্র কাননে বস্তি উচ্ছেদের প্রতিবাদে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন বস্তিবাসীরা।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গিরিশ পার্ক থানা এলাকার রবীন্দ্রকাননের ২৬ নং ওয়ার্ডে অবৈধ ঝুপড়িতে কিছুদিন আগে থেকেই সেই বস্তি উচ্ছেদের অভিযান চালাচ্ছিল কলকাতা পুরসভা ও পুলিশ। বুলডোজার চালিয়ে কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সমস্ত ঘর। শীতের মরশুমে মাথার ওপর ছাদ হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন প্রায় ১০০-টিরও বেশি পরিবার। সন্তান, নিয়ে কোথায় যাবেন তারা, ভেবে পাচ্ছেন না কিছুই। এরপরই মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
ঘটনার খবর পেয়ে গিরিশ পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। আর দীর্ঘক্ষণ পর বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গিরিশ পার্ক থানার পলিশ।








