
পুজোর আবহে শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু। এবার সোনারপুরের সুভাষগ্রামে প্যান্ডেলেই তড়িদাহত হয়েছেন খোদ পুজো উদ্যোক্তা। মৃতের নাম বিশ্বজিৎ সাহা।
ওই ব্যক্তি সুভাষগ্রামে কোদালিয়া শান্তি সংঘ ক্লাবের পুজো উদ্যোক্তা ছিলেন। পুলিশের তরফে দাবি করা হয়েছে ওই পুজো কমিটির কোন রেজিস্ট্রেশন ছিল না। রেজিস্ট্রেশন ছাড়াই গ্রামের লোকজন মিলেই আয়োজন করেছিলেন পুজো। তাতেই বিপদ। শুক্রবার প্যান্ডেলের এক পাখা হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল। সেই পাখায় হাত দিতেই সব শেষ। স্ট্যান্ড পাখায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন বিশ্বজিৎ। বোর্ডে সর্টসার্কিটের ফলেই তড়িদাহত হন তিনি।
স্থানীয়রা কোনওরকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে।








