
সেনার ট্রাক চালকের বিরুদ্ধে মোটর ভেহিক্যালস অ্যাক্টে মামলা করছে পুলিশ। পুলিশের তরফে বলা হয়েছে ব্রেবোর্ন রোড এবং মহাকরণের সামনে লেন ভেঙে বিপজ্জনকভাবে রাইট টার্ন নেওয়ার জন্য অল্পের জন্য রক্ষা পায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মার গাড়ি।
কারণ ওই সময় সিপি-র গাড়ি রাস্তা ক্রস করছিল। এতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার মুহূর্তের সিসিক্যামেরার ভিডিও প্রকাশ করে বলে দাবি পুলিশের। এজন্য হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের তরফে মোটর ভেহিক্যালস অ্যাক্টে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে। যদিও সেনার তরফে দাবি করা হয়েছে ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল সেনার ট্রাকটি। সেই সময় গতি কম ছিল সেনা ট্রাকের। পিছনের গাড়ি গতি বেশি থাকায় সমস্যা হয়েছে। এর আগে ট্রাকটিকে আটকানোর পর খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ আধিকারিকরা। পৌঁছন সেনার ইস্টার্ন কমান্ডের দফতর ফোর্ট উইলিয়াম-র কর্তারাও।
এরপর হেয়ার স্ট্রিট থানায় পুলিশের সঙ্গে বৈঠক করেন সেনা কর্তারা। ট্রাকটিকে নিয়ে যাওয়া হয় ডেকার্স লেনের সামনে।








