
পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ ভাঙার মধ্যেই কলকাতায় ৮৩ টি রুফটপ রেস্তোরাঁর তালিকা দিল কলকাতা পুলিশ। কলকাতা পুরসভাকে পাঠানো তালিকায় পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণী, ভবানীপুর, টালিগঞ্জ, রবীন্দ্র সরোবর, কড়েয়া থেকে লেক থানা এলাকার ৮৩টি রুফটপ রেস্তোরাঁর নাম রয়েছে।
শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছে কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ আপাতত বন্ধ থাকবে। বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের পর পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের ছাদ রেস্তোরাঁ দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরেই ম্যাগমা হাউসের রুফটফ রেস্তোরাঁ বন্ধ-র নোটিস দেওয়া হয়। কলকাতা পুরসভার বিল্ডিং আইনে বেআইনি নির্মাণ ঘোষণা করা হয়। কলকাতা পুরসভার তরফে ডেমোলিশন টিম যায়। এরপরেই ভাঙার কাজ শুরু হয় রুফটপ রেস্তোরাঁয়। দিঘা থেকে ফিরে বৃহস্পতিবার বড়বাজারে গিয়েছিলেন। মেছুয়ায় ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এরপর ম্যাগমা হাউসে পৌঁছে যান। সেখানে গিয়ে থরে থরে সাজানো গ্যাস সিলিন্ডার, অগ্নি নির্বাপণ ব্যবস্থা দেখে ক্ষোভ উগরে দেন তিনি। পাশাপাশি রুফ টপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেন। এরপরেই ম্যাগমা হাউসের রুফ টপ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু হয়।
শনিবার বিকেলে পুরসভা এবং পুলিশের টিম সাদার্ন অ্যাভিনিউ-র হোয়াটসঅ্যাপ ক্যাফেতেও হানা দেয়। অন্যদিকে কলকাতার পর বিধাননগর এলাকার সব রুফটফ রেস্তোরাঁ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।





