
কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
আদালত জানিয়েছে, এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কলেজকেও হলফনামা জমা দিতে হবে। অন্যদিকে, বৃহস্পতিবারের শুনানিতে নির্যাতিতার পরিবার জানিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট-র তদন্তে তাদের আস্থা রয়েছে। এর আগেও নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়েছিল, তারা সিবিআই তদন্ত চান না। পুলিশের তদন্তের উপরেই তাদের আস্থা রয়েছে। ইতিমধ্যেই অবশ্য সিট-র হাত থেকে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ২৫ জুন কসবায় কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। কলকাতা পুলিশের ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে। বুধবার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকেও।





