
রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোরকদমে। সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্মেন্স করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জুরি। আর এরজন্যই শনিবারই পুরোদমে স্টেজ রিহার্সাল করে নিয়েছেন নৃত্যশিল্পীরা। রবিবার দেশ-বিদেশের একাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন এই কার্নিভালে।
দুর্গাপুজো শেষ হলেও, এর রেশ ধরে চলবে শিল্প-সংস্কৃতির উদযাপন। কার্নিভালে বসছে এক মহা-উৎসবের আসর। ২০১৬ সালের পর এটি হবে বৃহত্তম কার্নিভাল, যেখানে ১১৩টি পুরস্কার-জয়ী সেরা পুজো কমিটি অংশ নেবে ,এবার ১১৩টি পুরস্কার-জয়ী পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। ২০১৬ সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকে যা সর্ব বৃহৎ কার্নিভাল। গত বছর ৮৯টি পুজো অংশ নিয়েছিল। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও প্রায় ১০০টি পুজো অংশ নিয়েছিল। শহরের দুর্গাপুজোর মণ্ডপগুলির মতো, এই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানা বিষয় উঠে আসতে চলেছে। কার্নিভালের কারণে এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর ১২টা বন্ধ থাকবে। দুপুর ৩টের পর ট্র্যাফিক নির্দেশিকা অনুযায়ী বিকল্প রাস্তাগুলো দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করবে।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে- রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে। পলাশী গেট এসপ্ল্যানেড র্যাম্প গোটা রেড রোড ৯ টি জোনে ভাগ করে নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন করে এসিপি পদমর্যাদার অফিসার থাকবেন। পুলিশের সবমিলিয়ে প্রায় ৫০০০ জনের ফোর্স থাকবে। মুখ্যমন্ত্রী এবং বিদেশি অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ জন ডেপুটি কমিশনার। থাকবে ড্রোন নজরদারি এবং কুইক রেসপন্স টিম।
