
নিম্নচাপের প্রভাবে কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্গাপুজোর অন্তত দু’দিন শহরে ভারী বর্ষণ হতে পারে।
সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। শনিবার এবং রবিবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তিনটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। কলকাতায় আবার বৃষ্টি বাড়বে বুধবার থেকে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ নবমী থেকে একাদশী হতে পারে ভারী বৃষ্টি। কলকাতা ছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ফলে পুজোর মধ্যে আবহাওয়া শুকনো থাকছে না। শনিবার এবং রবিবার এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে।
শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





