রাজ্যজুড়ে টানা ৪ দিন ঝড়বৃষ্টি! 

0
59
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আপাতত অন্তত চার দিন বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় টানা ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সোমবার এবং বৃহস্পতিবার হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে মঙ্গলবার এবং বুধবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে শহরে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এই পূর্বাভাস রয়েছে। কালবৈশাখীর বাড়তি সতর্কতা বুধবার জারি করা হয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবার এবং বুধবার দুর্যোগ হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই সমস্ত জেলায় ঝড়ের গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটারেও।মঙ্গলবার থেকে সমুদ্রেও সতর্কতা রয়েছে। উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিতে।
উত্তরবঙ্গে প্রায় প্রতি দিনই ঝড়বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় সতর্কতা রয়েছে।