
বৃহস্পতিবার মরশুমের প্রথম শীতলতম সকাল দেখেছিল কলকাতা। আর এবার হাওয়া অফিস বলছে, পরবর্তী দু’দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি কমতে পারে।
যদিও এরপর বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম দিকের হাওয়া বইতে থাকায় তাপমাত্রা আরও অল্প নামতে পারে কিছু জেলায়, তবে বড় কোনও পরিবর্তন নেই। দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের নীচেই থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই পারদ পতন আরও স্পষ্ট হবে। শনিবারের মধ্যেই ২–৪ ডিগ্রি নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা–সহ একাধিক জেলায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রির নীচে। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা পৌঁছতে পারে ১০–১২ ডিগ্রিতে। এদিকে, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঠান্ডার দাপট আরও বাড়বে।
উত্তরবঙ্গেও শীতের দাপট বাড়ছে ধাপে ধাপে। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস।






