প্রেমিকের সঙ্গে নৈশভোজে কৃতী শ্যানন

0
31
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

দিন কয়েক ধরেই সিনেদুনিয়ার অন্দরে ফিসফাস, কৃতী শ্যাননের প্রেম নাকি ভেঙে চৌচির। পর্দায় প্রেমের ককটেল জমলেও বাস্তবজীবনে নাকি সেই স্বাদ একেবারে ফিকে হয়ে যাচ্ছে? সত্যিই কি কৃতী-কবীরের প্রেম ভেঙেছে,এহেন গুঞ্জনে যখন তোলপাড় সিনেদুনিয়া, তখন এমন আবহেই সেলেবপাড়ার ছবিশিকারীদের সুবাদে ফাঁস হয়েছে আসল খবর।

নায়িকা যে বছর দুয়েক ধরেই লন্ডনের কোটিপতি ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন, সেকথা কারও অজানা নয়। কিন্তু সম্প্রতি অন্য এক মহিলাকে কৃতীর প্রেমিকের বাহুলগ্না দেখে বিচ্ছেদ গুঞ্জন চাউড় হয়ে যায়। শোনা যায়, কৃতী-কবীরের প্রেমে তৃতীয়জনের প্রবেশ ঘটেছে। এদিকে ব্রেক-আপ গুঞ্জন রটলেও এযাবৎকাল টুঁ শব্দটি করেননি নায়িকা। তবে এবার নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে কবীরের সঙ্গে নৈশভোজে গিয়ে কৃতী জানিয়ে দিয়েছেন,তাঁরা একসঙ্গেই রয়েছেন। সন্ধ্যা গড়াতেই মুম্বইয়ের এক রেস্তরাঁয় দেখা গিয়েছে জুটিকে।বিচ্ছেদ গুঞ্জনের আবহে এহেন মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তরাঁয় প্রথমে এসে পৌঁছন কবীর বাহিয়া। তার খানিক বাদেই সেখানে হাজির হন কৃতী শ্যানন। কবীরের পরনে ঢিলেঢালা সাদা টি-শার্ট, হালকা নীল রঙের জিনস এবং স্নিকার্স। অন্যদিকে কালো পোশাকে কৃতী যেন মনমোহিনী। আভিজাত্য আর লক্ষ টাকার হাসিতেই নজর কেড়েছেন অভিনেত্রী কৃতী শ্যানন। রেস্তরাঁ থেকে বেরিয়ে একগাড়িতেই বাড়ির উদ্দেশে রওনা হন তাঁরা।

ভিকট্রি সাইন দেখিয়ে পাপারাজ্জিদের উদ্দেশে হাসিমুখে হাতও নাড়েন তাঁরা। অতঃপর নিন্দুকেরা যতই বলুক, নিজেদের প্রেমে যে বিন্দুমাত্র ভাঁটা পড়তে দেননি তাঁরা, তা বলাই বাহুল্য।