
হিংসায় উত্তপ্ত মণিপুরে দ্রুত কঠোর পদক্ষেপের জন্য এন বীরেন সিংয়ের সরকারকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে মেইতেইরা। অন্যদিকে, চূড়াচাঁদপুর জেলায় প্রতীকী কফিন মিছিল করেছে রাজ্যের কুকি সংগঠনগুলি।
জঙ্গি তকমা দিয়ে সিআরপিএফ বাহিনীর ১০ জন কুকি-জো যুবককে খুনের প্রতিবাদে এই মিছিল ডাক দিয়েছিল জোমি স্টুডেন্টস ফেডারেশন, কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন এবং হমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। দশম শ্রেণির ঊর্ধ্বে স্কুল-কলেজ পড়ুয়ারা কালো পোশাক পরে মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিলে ১০টি প্রতীকী কফিন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। এদিকে, মণিপুরের মেইতেই নাগরিক সমাজ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকায় অসন্তুষ্ট। ২৪ ঘণ্টার মধ্যে সরকার কঠোর পদক্ষেপ না করলে তারা চূড়ান্ত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। মেইতেই নাগরিক সমাজের সম্মিলিত এক সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে, কুকি জঙ্গিদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ করতে হবে এন বিরেন সিং সরকারকে। পাশাপাশি এনডিএ বিধায়কদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিও খারিজ করে দিয়েছে সংগঠনগুলি। ৭ নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। বিশেষ করে জিরিবাম জেলা। পরিস্থিতি সামাল দিতে ১৪ নভেম্বর নতুন করে কার্যকর হয়েছে আফস্পা।
বন্ধ ইন্টারনেট পরিষেবা। স্বরাষ্ট্রমন্ত্রক আরও ৫০ কোম্পানি আধাসেনা মোতায়েন করেছে রাজ্যে। এই পরিস্থিতিতে মণিপুর সংলগ্ন সীমানা বন্ধ রেখেছে অসম।
