কুকি স্বঘোষিত কমান্ডার খুন, অশান্ত মণিপুর  

0
235

আততায়ীর গুলিতে সশস্ত্র কুকি দলের স্বঘোষিত কমান্ডারের মৃত্যুতে ফের অশান্ত মণিপুর। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে  চুড়াচাঁদপুরের লেইসাংয়ের কাছে ওই কমান্ডারের উপর হামলা হয়।

তিনি কাপরাং গ্রামের বাসিন্দা ছিলেন। গ্রামে সেখহোহাও নামে ডাকা হত তাঁকে। ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির সদস্য ছিলেন সেখহোহাও। বুধবার ভোরে চুড়াচাঁদপুররে তোরবুং বাংলোর অদূরেই তাঁর দেহ পাওয়া যায়।  দেহটি ময়নাতদন্তের জন্য চুড়াচাঁদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল‌ে পাঠানো হয়েছে। মণিপুরে মঙ্গলবার থেকেই আরও ছ’মাসের জন্য বর্ধিত হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা)-এর মেয়াদ। কিছু বিক্ষুব্ধ এবং কট্টরপন্থী গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত। সম্প্রতি কংপোকপি এবং পশ্চিম ইম্ফলের দু’টি জায়গায় ড্রোন হামলাকে কেন্দ্র করে মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ৬ সেপ্টেম্বর বিষ্ণুপুর জেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মেরেম্বাম কোইরেংয়ের বাড়িতে রকেট হামলা হয়। তারপর দফায় দফায় হামলা চলেছে মণিপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে। বিভিন্ন এলাকা থেকে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।