স্পিকারের কাছে ক্ষমা চাইলেন কুণাল

0
21
ছবি সৌজন্যে : নিজস্ব

বিধানসভার স্পিকারের কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন কুণাল ঘোষ। এর আগে বুধবার তাঁর আচরণের জন্য বিধানসভায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।তাঁকে সাসপেন্ড করেছিলেন স্পিকার রথীন্দ্র বসু।

তার পর টেনেহিঁচড়ে কুণালকে বার করে দেওয়া হয়েছিল সভা থেকে। শুক্রবার কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনেন পরিষদীয়মন্ত্রী শঙ্কর ঘোষ। তার পরেই ক্ষমা চেয়ে নিয়েছেন বেলেঘাটার বিধায়ক।কুণাল ঘোষ জানিয়েছেন,স্পিকারকে অসম্মান করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না।কিন্তু বিরোধী দল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তিনি চাইলেও বিধানসভায় বক্তৃতা করতে পারছেন না। তাঁকে বলার সুযোগই দেওয়া হচ্ছে না। কুণাল ঘোষের বক্তব্য, মেনশন এবং কলিং অ্যাটেনশনে বলতে পারলেও বক্তার তালিকায় তাঁর নাম রাখা হচ্ছে না। বার বার তা বাদ দিয়ে দেওয়া হচ্ছে।সেই কারণেই বুধবার প্রতীকী প্রতিবাদ করতে চেয়েছিলেন তিনি।কুণাল ঘোষ ক্ষমা চাওয়ার পর শঙ্কর ঘোষ জানিয়ে দেন, বিরোধী দলকে নিজেদের সমস্যা নিজেদেরই আলোচনা করে মিটিয়ে নিতে হবে। এতে শাসক শিবিরের কিছু করার নেই। উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার কালীঘাট শিবিরের বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেছিলেন। তার পরেই বিধানসভায় সুর নরম করেছেন কুণাল ঘোষ।

সূত্রের খবর, ওই বৈঠকে কুণাল ঘোষকে সতর্ক করেছেন নেত্রী। বুধবারের মতো পরিস্থিতি যাতে আর কখনও তৈরি না হয়, তা খেয়াল রাখতে বলা হয়েছে। বৈঠক প্রসঙ্গে কুণাল ঘোষ নিজে অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।