
চোখ গোল গোল,বড় বড় দাঁত,লম্বা লম্বা কান,এমন অদ্ভুত দর্শন লাবুবু পুতুলেই একসময় মন মজেছিল সকলের।আট থেকে আশি সকলের মুখে মুখে ফিরত সেই পুতুলের কথা।
সেই অদ্ভুত দর্শন লাবুবুই এবার দেখা যাবে সিনেমার পর্দায়। চিনের খেলনা প্রস্তুতকারক সংস্থা পপমার্ট হাত মিলিয়েছে, সোনি পিকচার্স-এর সঙ্গে। দু’য়ের সঙ্গতেই নাকি তৈরি হতে চলেছে অ্য়ানিমেশন মুভি। ছবির পরিচালক পল কিং । চিত্রনাট্যকার স্টিভেন লেভেনসন। প্রযোজকের ভূমিকা লাবুবু স্রষ্টা শিল্পী কাসিং লুং। তবে কবে ছবি মুক্তি পাবে। আর ছবির বাজেটই বা কত, সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।উল্লেখ্য,২০১৯ সালে পপমার্ট এই পুতুল বাজারে বিক্রি শুরু করে। চিনের বাজার ছেয়ে যায় পুতুলটি। অল্প কয়েকদিনের মধ্যে ভারতে জনপ্রিয়তা পায় লাবুবু।কেউ কেউ বাড়িতে রাখেন আবার কেউ কেউ তা ব্যাগে চাবির রিং হিসাবে কাজে লাগান। কিম কার্দাশিয়ান, রিহানা থেকে মিমি, ঋতাভরী সকলেই লাবুবু জ্বরে কাত হয়ে গিয়েছিলেন।সোশাল মিডিয়ায় তারকারা নিজে সেই ছবি শেয়ারও করেছিলেন। লাবুবু অবশ্য একটিমাত্র পুতুল নয়।বাজারে কমপক্ষে ৩০০টি ভিন্ন ভিন্ন ধরনের লাবুবু পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য লাবুবু ইনটু এনার্জি,ফল ইন ওয়াইল্ড, টাইম টু চিল, লেটস চেকমেট সিরিজ, ম্যাকারন, প্যাস্টেল কালার। যাদের একসঙ্গে বলা হয়,দ্য মনস্টার্স।তবে যে সিরিজ চাইছেন, সেই সিরিজের পুতুল পাওয়া কঠিন।কারণ, প্রতিটি পুতুল আসে ব্লাইন্ড বক্সে। ওই বাক্স খোলার পর জানা যায় লাবুবু’র কোন সিরিজ পেলেন আপনি। লাবুবু সিরিজের প্রতিটি পুতুলের দাম অবশ্য আলাদা আলাদা।
অনলাইনেও পাওয়া যায় এই ধরনের পুতুল। চিনের বাজারে প্রথমদিকে লাবুবু’র দাম ছিল কমপক্ষে ৪০ হাজার টাকা।








