
মার্কিন পপ তারকা লেডি গাগার জনপ্রিয়তা আকাশচুম্বী। জিতেছেন গ্র্যামি ও অস্কার। সমানতালে গানের পাশাপাশি অভিনয়েও দ্যুতি ছড়াচ্ছেন গাগা। গত বছর হলিউডের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র জোকার টু-তে দেখা গেছে গাগাকে।
এ বছর সংগীতে ঝড় তোলার অপেক্ষায় গাগা। আনতে চলেছেন নতুন অ্যালবাম।রিপোর্ট অনুসারে, জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা অর্থাৎ স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা,আগামী ৭ মার্চ প্রকাশ করতে যাচ্ছেন তার সপ্তম মিউজিক অ্যালবাম ,মেহ্যাম। নিউইয়র্ক এবং লাস ভেগাসে বিলবোর্ডের মাধ্যমে এমন ঘোষণা করা হয়েছে।অ্যালবামটির ব্যাপারে লেডি গাগা বলেছেন, এ অ্যালবামটি শুরু হয়েছিল তাঁর সেই ভয়কে মোকাবিলা করার মাধ্যমে, যা তিনি প্রথমদিকে পপ মিউজিকের প্রতি অনুভব করতেন এবং যে গানগুলো তাঁর শুরুর দিকের ফ্যানরা ভালোবাসতেন। তিনি আরও বলেছেন,সৃজনশীল এই কাজটি ছিল একটি ভাঙা আয়না ফের জোড়া লাগানোর মতো ঘটনা।যদিও আপনি টুকরোগুলো ঠিকভাবে জোড়া দিতে পারবেন না, তবে আপনি নতুনভাবে সুন্দর কিছু তৈরি করতে পারবেন, যা তার নিজস্বতার মাধ্যমে অসাধারণ হয়ে উঠবে।উল্লেখ্য,আসন্ন অ্যালবামে মোট ১৪টি গান থাকবে, যার মধ্যে পূর্বে প্রকাশিত,ডিজিস এবং ডাই উইথ এ স্মাইল গান দুটো আগেই রিলিজ হয়েছিল।এদিকে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ফায়ার এইড কনসার্টে অংশগ্রহণ করার কথা রয়েছে লেডি গাগার।
এই কনসার্টে তার পাশাপাশি বিলি আইলিশ, অলিভিয়া রদ্রিগো, স্টিভি নিক্স, জোনি মিচেলসহ অন্য শিল্পীরা মঞ্চ মাতাবেন।এদিকে ফায়ার এইড কনসার্টের মূল উদ্দেশ্য হলো লস অ্যাঞ্জেলসে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ এবং কমিউনিটির জন্য তহবিল সংগ্রহ করা।




