
জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত তাঁর সঙ্গীদের কাছে লেডি সার্জন নামে পরিচিত দিল্লি বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শাহিন সইদ-কে এই নামেই ডাকতেন সঙ্গীরা।
জইশ জঙ্গি সংগঠনের সঙ্গেও তাঁর যোগসূত্র উঠে এসেছে বলে সূত্রের খবর। সেই জঙ্গিদলেও তাঁকে সকলে লেডি সার্জন বলেই ডাকতেন। তদন্তকারীদের একটি সূত্র অন্তত তেমনই দাবি করেছে। ওই সূত্রের দাবি, শাহিনের পরিকল্পনা ছিল হামলা সফল হতেই দেশ ছেড়ে পালাবেন। ঘটনাচক্রে, দিল্লি বিস্ফোরণের সাত দিন আগে পাসপোর্ট যাচাই করিয়েছিলেন তিনি।
দুবাইয়ে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন শাহিন। আর এখান থেকেই সন্দেহ করা হচ্ছে, হামলার পরিকল্পনা ঠিকমতো সফল হলেই দেশ ছেড়ে দুবাইয়ে পালাতেন শাহিন সইদ। কিন্তু কিছু কারণের জন্য তথ্য যাচাইয়ের পরেও পাসপোর্ট ছাড়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। আর তার জেরেই দেশ ছাড়ার প্রক্রিয়া আটকে যায় শাহিনের।





