
নানা বিতর্কের পর অবশেষে ডিসেম্বরে আমেরিকার মায়ামিতে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচ আয়োজন বাতিলের ঘোষণা করেছে স্পেনের শীর্ষ ফুটবল লিগ কর্তৃপক্ষ। লা লিগা এই খবর নিশ্চিত করে অফিসিয়াল বিবৃতিতে বলেছে, স্পেনে গত কয়েক সপ্তাহ ধরে ম্যাচটি নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়ার কারণে মার্কিন বাজারে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন লা লিগার সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট।
তারা মায়ামির আয়োজকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।লা লিগা আরও জানিয়েছে, বিদেশে একটি আনুষ্ঠানিক ম্যাচ আয়োজন স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের জন্য ঐতিহাসিক সুযোগ হয়ে থাকতো, যা ক্লাবের বিশ্বব্যাপী অবস্থান, খেলোয়াড়দের পরিচিতি এবং ব্র্যান্ডের শক্তি বাড়াত বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত বাজারে।তবে রেলেভেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পেনে অনিশ্চয়তার কারণে ২১ ডিসেম্বরের মায়ামি ম্যাচ স্থগিত করতে হয়েছে।
এত বড় ইভেন্ট আয়োজনের জন্য পর্যাপ্ত সময় নেই, আর টিকিট বিক্রি শুরু করা দায়িত্বজ্ঞানহীনের কাজ হবে।উল্লেখ্য মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল এবং টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই লা লিগা প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বের কথা জানিয়েছিল।
