
পাটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাংলো শেষ পর্যন্ত খালি করে দিচ্ছেন লালুপ্রসাদ যাদবের পরিবার! বৃহস্পতিবার রাতের অন্ধকারে ১০ সার্কুলার রোডের বাংলো থেকে আসবাবপত্র সরানো হয়েছে।
শোনা যাচ্ছে, একপ্রকার বাধ্য হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই লালুর পরিবার ওই ঐতিহাসিক বাংলো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।এদিকে বিহারে সরকার গঠনের স্বপ্নভঙ্গ হয়েছে লালু পরিবারের। আরও একবার এরাজ্যে ক্ষমতায় এসেছে এনডিএ। ক্ষমতা দখলের পরই পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে লালুপ্রসাদ যাদবের পরিবারকে। আরজেডির রাজনৈতিক তৎপরতার মূল কেন্দ্র ছিল ১০ সার্কুলার রোডের এই সরকারি বাংলো। রাবড়ি দেবীর নামে বরাদ্দ এই বাড়ি থেকেই কার্যত পরিচালিত হত আরজেডি।২ দশক ধরে ওই বাড়িতেই রয়েছেন রাবড়ি এবং লালু। প্রাথমিকভাবে আরজেডির তরফে দাবি করা হচ্ছিল, কোনওভাবেই ওই বাংলো খালি করা হবে না।
নীতীশ কুমারের সরকার যে নোটিস দিয়েছিল সেটার জবাবে আরজেডি নেতৃত্ব জানিয়েও দেয়, ১০ সার্কুলার রোডের বাড়িতে লিফট রয়েছে। লালুর স্বাস্থ্যের যা অবস্থা তাতে ওই লিফট তাঁর প্রয়োজন। তাই বাড়ি ছাড়া হবে না। কিন্তু তাতে লাভের লাভ হয়নি। লালু পরিবারকে বাড়ি ছাড়তেই হবে, জানিয়ে দেয় বিহার সরকার। অগত্যা বাড়ি ছাড়ার সিদ্ধান্তই নিয়েছেন রাবড়ি দেবীরা।









