
জমির বদলে রেলে চাকরির অভিযোগ সংক্রান্ত মামলায় এবার জামিন পেয়েছেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। একই মামলায় লালুপ্রসাদ যাদব পুত্র তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদবকেও জামিন দিয়েছে আদালত।
দিল্লির রাউস এভিনিউ আদালতের বিচারক বিশাল গোগনে সোমবার প্রত্যেক অভিযুক্তকে এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন। ২৫ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।জামিনের পর তেজস্বী যাদব আদালত চত্বর থেকেই প্রাথমিক প্রতিক্রিয়ায় বিজেপি এবং জেডিইউকে নিশানা করেছেন। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেছেন, বিজেপি ও জেডিইউ তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে। এই মামলায় কোনও পোক্ত অভিযোগ নেই। নিশ্চিত ভাবে তাদের জয় হবে। প্রসঙ্গত, জমির বদলে চাকরির মামলায় সিবিআইয়ের তদন্তে লালুপ্রসাদ যাদবদের কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জমা পড়া অতিরিক্ত চার্জশিট পর্যালোচনা করে বিচারক তাদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো সোমবার দিল্লির আদালতে হাজিরা দেন লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদব।







