
শরদ পাওয়ার-অখিলেশ যাদবদের পর এবার বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।
এনিয়ে কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। প্রাক্তন রেলমন্ত্রী বলেছেন, কংগ্রেসের কোনও আপত্তি মানবেন না তিনি। ধোপে টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই নেতৃত্ব দিক ইন্ডিয়া জোটকে। সেটাই উচিত। সবাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে চাইছে। অন্যদিকে লালুপ্রসাদ যাদবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, আগেই তৃণমূল কংগ্রেস বলেছিল, কংগ্রেস বিরোধী জোটকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়, তাহলেই ভাল। প্রসঙ্গত, বিধানসভা, লোকসভা এবং পশ্চিমবঙ্গের ছয় উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেসের উত্থানের পর বিরোধী জোটের মুখ হিসেবে নতুন করে তৃণমূল কংগ্রেস নেত্রীর নামই উঠে আসছে।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছিলেন, তিনি কলকাতায় বসেই ইন্ডিয়া জোট চালাতে প্রস্তুত। আর সময় যত এগোচ্ছে, ততই মুখ্যমন্ত্রীর সমর্থনে বিরোধীরা এগিয়ে আসছেন।
