
প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের জন্য মুসলিম দেশগুলো তাদের কিছু জমি ছেড়ে দিতে পারে,এমন মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন,ভবিষ্যৎ প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের জন্য মুসলিম দেশগুলোকে কিছু জমি ছেড়ে দেওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর কাছে ইসরায়েলের চেয়ে ৬৪৪ গুণ বেশি জমি রয়েছে।তাই যদি সত্যিই প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের ইচ্ছা থাকে, তাহলে কেউ হয়তো বলবে, তাঁদের ওখানেও নতুন রাষ্ট্রের জায়গা গড়ে তোলা সম্ভব।এদিকে,সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে বারবার সহিংস উস্কানি দেওয়ার অভিযোগে দুই কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচ-এর ওপর নিষেধাজ্ঞা জারি করায় হাকাবি মার্কিন মিত্র ব্রিটেন ও অস্ট্রেলিয়ার তীব্র সমালোচনা করেছেন। সাক্ষাৎকারে হাকাবি আরো বলেছেন, প্যালেস্টাইন -ইসরায়েল সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বহুল আলোচিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কেবল একটি আকাঙ্ক্ষিত লক্ষ্য। এই পরিকল্পনায় পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের কথা বলা হয়, যা ইসরায়েলের পাশে সহাবস্থান করবে।বহু মার্কিন প্রশাসনসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিকল্পনার পক্ষে।তবে আরেক সাক্ষাৎকারে হাকাবি বলেছেন,আমেরিকা এখন স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আর কাজ করছে না।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পরে জানিয়েছেন, রাষ্ট্রদূত হাকাবির বক্তব্য তার ব্যক্তিগত মত এবং মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার নীতির সিদ্ধান্ত দেন প্রেসিডেন্ট।








