
এবার থেকে বিনামূল্যে মিলবে জমির রেকর্ড। জমির মালিক এবং কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ববর্তী সরকারের নিয়ম নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী পোস্টে যোগ করেছেন খতিয়ান এবং জমির দাগের তথ্য পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করত, তা মকুব করা হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সাধারণ নাগরিক, বিশেষ করে রাজ্যের কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এখন থেকে খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে ডাউনলোড করা যাবে।
এই ডিজিটাল জমির রেকর্ডগুলো পাওয়ার জন্য নাগরিকদের কোনওরকম আবেদন ফি দিতে হবে না। ফলে দালাল চক্র আটকানো যাবে। ঘরে বসেই এক ক্লিকে নিজের জমির যাবতীয় রেকর্ড পেয়ে যাবেন মালিকরা।
