ল্যান্ডফল মান্থার, বঙ্গেও ভারী বৃষ্টি

0
159
ছবি সৌজন্যে : নিজস্ব

প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করেছে মান্থা। সে রাজ্যে ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে ঝড় হবে না। তবে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন বলছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে ১৫ কিলোমিটার গতিতে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে মান্থা। মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে তার ল্যান্ডফল হয়েছে। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতি ছিল প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা ঝড়ের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এ রাজ্যেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হবে। এই ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম, কলিঙ্গপত্তনম, চিতুর, তিরুপতি, কাকিনাড়া, তামিলনাডু, ওড়িশা উপকূলে। একাধিক জায়গায় গাছ উপড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বন্ধ করা হয়েছে স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

ভারী বৃষ্টি শুরু হচ্ছে বিশাখাপত্তনম শহর, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। অস্ত্রপ্রদেশের ১৬টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ জুড়ে ৬৫টিরও বেশি যাত্রীবাহী ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।