
উত্তরপ্রদেশের সোনভদ্রে আবারও পাথরের খাদানে ভয়াবহ ধস নামার খবর প্রকাশ্যে এসেছে। আচমকা পাহাড়ের চাঁই নেমে আসায় খাদানের ভিতরে কাজ চলাকালীন বহু শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি, তবে ঘটনাস্থলের পরিস্থিতি উদ্বেগজনক। শনিবার বিকালে ওব্রা থানা এলাকার একটি পাথর খাদানে হঠাৎই পাহাড়ের উপরের দিক থেকে বিশাল বড় পাথর ভেঙে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেই সময় খাদানের প্রায় ১৫ থেকে ১৮ জন শ্রমিক ৪০০ ফুট গভীর নীচে কমপ্রেসার যন্ত্র দিয়ে পাথরে গর্ত করছিলেন। ধস নামার পর তাঁদের কাউকে আর বাইরে বেরিয়ে আসতে দেখা যায়নি। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন থানায়।
জেলাশাসক বদ্রীনাথ সিংহ এবং পুলিশ সুপার অভিষেক বর্মা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান তদারকি করছেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলের দিকে পৌঁছেছে। উল্লেখ্য, পাঁচ বছর আগেও একই এলাকার একটি পাথর খাদানে ধস নেমে বহু শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফের একবার সেই ভয়াবহ স্মৃতি ফিরে এসেছে সোনভদ্রে।
