
জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার শাখা সংগঠন। রবিবার রিয়াসি জেলায় একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে।
মৃত্যু হয় ১০ জনের। আহত হন প্রায় ৩০ জন।এরপরেই জঙ্গি হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে লস্করের শাখা সংগঠন দ্য রেজিসটেন্স ফোর্স।পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর এই টিআরএফ-এর মাধ্যমেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় বলে অভিযোগ। জঙ্গি হামলার পরেই জল্পনা ছড়ায় যে, হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানের কোনও সন্ত্রাসবাদী সংগঠন। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়ে দায় স্বীকার করেছে লস্করের মদতপুষ্ট টিআরএফ। যদিও এই দাবির সত্যাসত্য যাচাই করা হচ্ছে।অন্যদিকে, রবিবারই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার দিনই জঙ্গি হামলার ঘটনায় অস্বস্তিতে জম্মু-কাশ্মীর প্রশাসন। এই হামলার তদন্তভার ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।প্রশাসনের একাংশ মনে করছেন রাজৌরি-পুঞ্চ এলাকার গভীর জঙ্গে গা ঢাকা দিয়ে রয়েছেন বেশ কয়েকজন জঙ্গি। রয়েছেন একজন পাকিস্তানের নাগরিকও। সোমবার সকাল থেকেই হামলাস্থল এবং আশপাশে তল্লাশি শুরু হয়েছে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
