
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালানোর অভিযোগ উঠেছিল লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই সংগঠনের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক তথ্যপ্রমাণ ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে এসেছে। এ বার কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পারলেন, কারা এই ছায়া সংগঠনকে অর্থসাহায্য করে।
সূত্রের, এই তথ্যপ্রমাণ আন্তর্জাতিক স্তরে পেশও করবে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি কমিটি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে টিআরএফ-র উল্লেখ রয়েছে। বলা হয়েছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় দু’বার স্বীকার করেছে টিআরএফ। শুধু তা-ই নয়, জঙ্গি হামলার পর ছবিও প্রকাশ করেছে তারা। রাষ্ট্রপুঞ্জের কমিটির দাবি, লস্করের সমর্থন ছাড়া পহেলগাঁওয়ে হামলা চালানো সম্ভব হত না। ভারতের তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তারাও ৪৬৩টি ফোনকল ঘেঁটে জানতে পেরেছে, একাধিক দেশ এই গোষ্ঠীকে টাকা দিয়ে সাহায্য করে। সেই তালিকায় পাকিস্তান এবং মালয়েশিয়া রয়েছে। এ ছাড়াও রয়েছে উপসাগরীয় এলাকায় একাধিক দেশ।
তদন্তকারীরা জানতে পেরেছেন, মালয়েশিয়ার ইয়াসির হায়াত নামে এক ব্যক্তি ৯ লাখ টাকা দিয়েছে টিআরএফ-কে। তাঁর সঙ্গে যে লস্কর জঙ্গি সাজিদ মীরেরও যোগাযোগ রয়েছে, তারও প্রমাণ মিলেছে। তদন্তকারীদের সূত্রে দাবি, ব্যাঙ্কিং লেনদেনের কিছু তথ্যও তাঁদের হাতে এসেছে।







