
২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন করাতে চায় ইউনূসের সরকার। সোমবার বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
গত ৫ অগস্ট বাংলাদেশে হাসিনার সরকারের পতন হয়। এরপর ৮ অগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছে মহম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের চার মাস অতিক্রান্ত হতে না হতেই খালেদা জিয়ার বিএনপি-ও এ নিয়ে প্রশ্ন উস্কে দিতে শুরু করেছে। খালেদা-পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও এই নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলেছেন ইউনূসের প্রশাসনকে। দায়িত্ব নিয়ে ইউনুস বলেছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। ইউনূস প্রশাসনের অন্যতম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সম্প্রতি জানিয়েছেন, ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে।
এর পরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ২০২৫ সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব। বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়ে দিয়েছেন নির্বাচনের কথা।






