
দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১১টা ৩৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।
এই মুহূর্তে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। ১৫ অগাস্ট তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১৭ অগাস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। অভিনেতার সহকারী ছোটু জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। কিন্তু হার হয়েছিল অভিনেতার। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। চুমকি চৌধুরী এবং জয়ের জুটি এখনও সিনেপ্রেমীদের কাছে আলোচিত। হীরক জয়ন্তী, মিলন তিথি, জীবন মরণ, নাগমতি-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়।
চপার ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে টলিপাড়া।
