
শেষমেশ জীবন যুদ্ধে হেরে গিয়েছেন বাঘাযতীন ছবির পরিচালক অরুণ রায়। বৃহস্পতিবার সকালে আর জি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে কণ্ঠনালীর ক্যানসারে ভুগছিলেন পরিচালক।
পূর্বে চিকিৎসাও চলেছে তাঁর। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে শেষেমেষ বৃহস্পতিবার সকালে মারা গিয়েছেন তিনি। বাঘাযতীনের শুটিংয়ের সময়ও বেশ অসুস্থ ছিলেন তিনি। যদিও সে সময় সমস্ত প্রতিকূলতা জয় করে টানা শুটিং চালিয়ে যান অরুণ রায়। তবে সম্প্রতি আরও অবস্থার অবনতি হয় তাঁর। আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন কেমোথেরাপির প্রয়োজন অরুণ রায়ের। তবে তাঁর যা শারীরিক অবস্থা ছিল তাতে কেমোথেরাপি দেওয়া কতটা সমীচীন হবে তা নিয়ে ধন্দ ছিল। শেষ ক’দিন বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়েছিল তাঁকে। আর জি করের জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ অভিনীত সিনেমা হীরালাল-এর পরিচালকও ছিলেন অরুণ রায়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিঞ্জল। ফেসবুকে লিখেছেন, হীরালাল… ভাল থেকো। স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার এক খ্যাতনামা পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ কলাকুশলীরা।
