প্রয়াত বিখ্যাত সাহিত্যিক বদরুদ্দীন উমর

0
263
ছবি সৌজন্যে : এক্স
প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত লেখক, প্রাবন্ধিক, গবেষক, রাজনীতিক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। রবিবার সকাল ১০টা নাগাদ রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯৪। বাংলাদেশের জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন বদরুদ্দিন উমর।
সাম্প্রতিক কালে ওঁকে একাধিক বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। রবিবার সকালেও অসুস্থ হয়ে পড়েছিলেন উনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসক ওঁকে মৃত ঘোষণা করেন। ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তিনি ছিলেন বামধারা রাজনীতিবিদ, তাত্ত্বিক, লেখক ও সমাজ বিশ্লেষক। শিক্ষাজীবন শেষে ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে দর্শনের শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং অর্থশাস্ত্রে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে এসে তিনি শিক্ষকতা চালিয়ে যান।
তবে ১৯৬৮ সালে শিক্ষকতা ছেড়ে সরাসরি রাজনীতিতে যুক্ত হন। তাঁর লেখা পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি ভাষা আন্দোলনের উপর প্রথম গবেষণাগ্রন্থ। এক সময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন বদরুদ্দীন। পরে ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়েন। সভাপতিও হন নিজেই।