
দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর অবশেষে মারাই গিয়েছেন বামপন্থী চিন্তক আজিজুল হক। ভর্তি ছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে।
ভেন্টিলেশন সাপোর্টে দিন কেটেছে, শরীরে রক্তে সংক্রমণ ধরা পড়ে মারাত্মকভাবে। একের পর এক জটিলতা কাটিয়ে ওঠার লড়াই চলছিল, কিন্তু শেষরক্ষা আর হল না। সোমবার দুপুর ২:২৮ নাগাদ প্রয়াত হয়েছেন প্রাবন্ধিক, বক্তা, এবং বামপন্থী চিন্তক আজিজুল হক। নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আজিজুল হক, ভারতের সেই সময়ের বামপন্থী রাজনৈতিক মানচিত্রের এক উল্লেখযোগ্য নাম। চারু মজুমদারের মৃত্যুর পর সিপিএমএল-এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। তাঁর লেখা কারাগারে ১৮ বছর বইটি নকশাল আন্দোলন ও সাতের দশকের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল।আজিজুল হকের জীবনের একটি বড় অংশ কেটেছে জেলে। নানা অভিযোগে, যার মধ্যে বিতর্কিত হত্যাকাণ্ডও রয়েছে, তাঁকে কারারুদ্ধ করা হয়।
এদিকে, আজিজুল হকের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি শোকপ্রকাশ করেছেন আইনজীবী তথা সিপিএম-র রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।
