
চিরতরে নামল ক্যামেরার শাটার, প্রয়াত হয়েছেন প্রখ্যাত ছবির শিল্পী রঘু রাই। রবিবার ভোরে তাঁর পরিবারের তরফে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়েছে।
নিজে সিভিল ইঞ্জিনিয়ার হলেও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ছবি তোলাকে। তাঁর তোলা ছবি পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি। ৮৩ বছর বয়সে থেমে গিয়েছে তাঁর পথ চলা। আর কোনও দিন ক্যামেরা হাতে দৌড়বেন না তিনি। চিত্রসাংবাদিকতার দুনিয়ায় অর্ধশতাব্দীরও বেশি সময়ব্যাপী বর্ণাঢ্য এক কর্মজীবন রেখে গিয়েছেন রঘু রাই। ২৩ বছর বয়স থেকে তিনি ছবি তোলা শুরু করেন। দাদার হাত ধরে ক্যামেরার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। বহু স্মরণীয়, গুরুত্বপূর্ণ ছবি তুলেছেন তিনি। অতীতকে ক্যামেরায় বন্দি করে ভবিষ্যৎকে উপহার দেওয়াই ছিল তাঁর নেশা। সারা ভারত জুড়ে বহু গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে রঘু রাই-র নাম জড়িয়ে রয়েছে। ১৯৭২ সালে তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী দেওয়া হয়। ১৯৪২ সালে, অধুনা পাকিস্তানের ঝাং এলাকায় জন্ম তাঁর। ২৩ বছর বয়সে দাদা শরমপাল চৌধুরী এস পল নামে বেশি পরিচিত-র কাছে ফটোগ্রাফি শিখতে শুরু করেন। ১৯৬৫ সালে যোগ দিয়েছিলেন দ্য স্টেটসম্যান সংবাদপত্রে।
পরে সানডে এবং ইন্ডিয়া টুডে ম্যাগাজিনেও কাজ করেন তিনি। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে বিভিন্ন মুহূর্ত। সেই ছবি যেন কথা বলে উঠেছে। বলা যায়, তাঁর ক্যামেরা এবং চোখ দিয়েই আধুনিক ভারতের সঙ্গে পরিচিত হয়েছে বিশ্ব।









