
দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন বিজেপির প্রবীণ এবং বারাণসী দক্ষিণের সাতবারের বিধায়ক শ্যামদেব রায়চৌধুরী। তিনি দাদা নামেও পরিচিত ছিলেন।
মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার সকালে বারাণসীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শোভাযাত্রা শুরুর আগে তাঁর বাসভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপরই রাষ্ট্রীয় সম্মানের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মণিকর্ণিকা ঘাটে শ্যামদেবের দেহ দাহ করা হয়। শেষকৃত্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে বিজেপি ও অন্যান্য দলের বিভিন্ন রাজনৈতিক নেতা এবং আধিকারিকরা।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন,তিনি প্রবীণ বিজেপি নেতা শ্যামদেব রায়চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছেন, প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন বিধায়ক শ্রী শ্যামদেব রায়চৌধুরী দাদা-র মৃত্যু বিজেপি পরিবারের জন্য একটি গভীর ক্ষতি।








