
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন তিনি।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে লাগাতার রাজ্যের শাসকদলকে নিশানা করে চলেছে বিরোধীরা।আবার বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছিল বিজেপি। এই পরিস্থিতিতে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় যদি আগুন লাগান, কোনও রাজ্যই থেমে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। বৃহস্পতিবার দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখে ভারতীয় দণ্ডবিধির ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে বিনীত জিন্দাল লিখেছেন, দলের ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লি জ্বলবে। এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী। বিভিন্ন অঞ্চলের একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের উপর তাঁর প্রভাব রয়েছে। সাংবিধানিক পদে থেকেও এইরকম মন্তব্যের জেরে অশান্তি ছড়াতে পারে। অভিযোগপত্রের প্রতিলিপি রাষ্ট্রপতি ভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।








