
মণিপুরে অসম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী হামর পিপলস কনভেশনশন-র এক স্থানীয় নেতা।
তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক নগদ টাকা এবং মাদক। বৃহস্পতিবার গভীর রাতে বরাক নদীর তীরে তুইসোলেন গ্রামের কাছে জঙ্গিদের গোপন ডেরায় হানা দিয়েছিল যৌথবাহিনী। সেখানেই বমাল গ্রেফতার হন ওই জঙ্গিনেতা। ধৃত ব্যক্তি আদতে পাশের ফেরজাওল জেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে নাশকতা, হত্যা-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
গত তিন মাস ধরে জিরিবাম জেলায় মেইতেই সশস্ত্র বাহিনী আরাম্বাই টেঙ্গলের সঙ্গে কুকি-জো জঙ্গিগোষ্ঠীগুলির ধারাবাহিক লড়াই হয়েছে। দু’পক্ষের যোদ্ধারা ছাড়াও লড়াইয়ে বেশ কয়েক জন সাধারণ গ্রামবাসীরও মৃত্যু হয়েছে সেখানে।






