
বামেদের কৃষক, শ্রমিক সংগঠনের ডাকে রবিবার ব্রিগেডের প্রস্তুতি শেষ। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন প্রত্যন্ত জেলার মানুষজন।
সিটু, কৃষকসভা, খেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেডের সভায় বন্যা টুডু, নিরাপদ সর্দার, মহম্মদ সেলিম, অনাদি সাহুরা বক্তব্য রাখবেন। এবারে বামেদের ব্রিগেডের মঞ্চের নকশার পরিবর্তন করা হয়েছে। লম্বায় ছোট করা হয়েছে মঞ্চ। গতবার মঞ্চ হয়েছিল মার্কস্ট্রিট মুখী। কিন্তু এবার ফের ভিক্টোরিয়া হাউসের দিকে হয়েছে। কলকাতার ৭ জায়গা থেকে মিছিল করে শ্রমজীবী, কৃষিজীবী, বস্তিবাসীরা যোগ দেবেন রবিবারের ব্রিগেড সমাবেশে। রবিবার হলেও যানবাহন নিয়ন্ত্রিত করা হবে বেশকিছু রাস্তায়। কেন্দ্র রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। কেড়ে নেওয়া হচ্ছে কৃষিজীবীর পাট্টা, চলছে বস্তি উচ্ছেদ। শ্রম কোড এনে শ্রমিকদের পরিণত করা হচ্ছে দাসে। এরসঙ্গে যোগ হয়েছে বেকারত্ব। সারা দেশেই শ্রমিক, কৃষক সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর আক্রমণ শানিয়েছেন কেন্দ্র। একই পরিস্থিতি এরাজ্যেও।
তার বিরুদ্ধেই এই সভা। নেতৃত্বরা আরও জানিয়েছেন ২০ মে সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনেও প্রচার চলছে। ব্রিগেড সমাবেশ থেকেও ডাক দেওয়া হচ্ছে ধর্মঘট সফল করার।





