
শূন্য-র গোরে খুঁচল বামেদের। ডোমকল থেকে জয় পেলেন বামেদের একমাত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশাল অঙ্কের জয়ের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন মোস্তাফিজুর ওরফে রানা।
২০২১-এ ডোমকল থেকে লড়াই করেছিলেন মোস্তাফিজুর। তবে পরাজিত হয়েছিলেন। ছাব্বিশের ভোটে মোস্তাফিজুরের বিপরীতে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। এর আগে তিনি ডেবরা থেকে লড়াই করে তৃণমূলের হয়ে বিপুল জয় পেয়েছিলেন। তাঁরই কেন্দ্র বুঁদল হয় এবার। পাঠানো হয় ডোমকলে। কিন্তু মোস্তাফিজুরের কাছে কার্যত হার মানেন তিনি। এদিকে তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর নতুন দল করে জোড়া কেন্দ্রেই জয় পেলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা বলে আলোড়ন তৈরি করতেই তৃণমূল থেকে বহিষ্কার করা হয় হুমায়ুন কবিরকে। এরপর নিজে আম জনতা উন্নয়ন পার্টির নামে নতুন দল গঠন করে। জোট হয় মিমের সঙ্গে। নওদা এবং রেজিনগর দুই কেন্দ্র থেকেই ভোটে প্রার্থী হন হুমায়ুন কবির। কিন্তু ভোটের মুখে তৃণমূলের তরফে প্রকাশ করা স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করার পর থেকে বিপাকে পড়েছিলেন। সঙ্গ ত্যাগ করে মিম। কিন্তু তাতেও হুমায়ুনের জনপ্রিয়তা যে কমেনি তা ভোটের ফলেই স্পষ্ট হয়েছে।
সংখ্যালঘু অধ্যুসিত মালদা এবং মুর্শিদাবাদেও ভাল ফল করেছে বিজেপি। মালদায় ১২ আসনের মধ্যে ৬ আসনই দখল করেছে বিজেপি। অন্যদিকে মুর্শিদাবাদে ২২ আসনের মধ্যে ৮ আসনে জয় পেয়েছে বিজেপি।






