
বামেদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতিবার। যোগ্য শিক্ষকদের পুনর্বহাল এবং দোষীদের শাস্তির দাবিতে এসএসসি ভবন অভিযান করে বামেরা। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ।
এরপর ব্যারিকেড ভেঙে এগোতে গেলে রণক্ষেত্রের পরিস্থিতি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এবিটিএ এবং ডিওয়াইএফআইয়ের সদস্যরা। যদিও পরে দশজনের একটি প্রতিনিধি দলকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলার জন্য এসএসসি ভবনে ঢুকতে দেওয়া হয়। বৈঠক শেষে বেরিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন এসএসসির চেয়ারম্যান মুখে কুলুপ এঁটে রয়েছেন। ফলে যোগ্যরা চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত রাস্তাতে লড়াই জারি থাকবে।
অন্যদিকে একই ইস্যুতে কোচবিহারে এবিভিপির ডিএম অফিস ঘেরাও ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের।
