
দারুণ এক সিজনের স্বপ্নময় সমাপ্তি টানল লেন্স। ১২০ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফ্রেঞ্চ কাপ জিতে নিয়েছে ক্লাবটি। স্টেড দে ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালে নিসকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি উল্লাসে মাতে উত্তর ফ্রান্সের দলটি।
এই জয়ের নায়ক ছিলেন তারকা ফরোয়ার্ড ফ্লোরিয়ান থাউভিন। পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ফর্মে থাকা এই ফরাসি স্ট্রাইকার ফাইনালেও গোল করার পাশাপাশি একটি গোল বানিয়েও দেন।কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করে নিজের অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি।ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করে লেন্সকে এগিয়ে দেন থাউভিন। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে তার নেওয়া কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ওডসন এদুয়ার।দু’ গোলে পিছিয়ে পড়লেও দ্রুত ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নিস। বিরতির ঠিক আগের মুহূর্তেই জিব্রিল কুলিবালি একটি গোল শোধ করে দলকে আশার আলো দেখান।তবে দ্বিতীয়ার্ধে লেন্স আর ভুল করেনি।ম্যাচের ৭৮ মিনিটে আবদাল্লাহ সিমা নিসের ডিফেন্ডারদের সঙ্গে শক্তির লড়াই জিতে বল জালে পাঠালে ৩-১ ব্যবধানে নিশ্চিত হয়ে যায় লেন্সের ঐতিহাসিক ট্রফি।পুরো সিজনে লিগ ওয়ানে পিএসজির সঙ্গে সমানতালে লড়াই করেছিল লেন্স। দীর্ঘ সময় শীর্ষস্থান ধরে রাখলেও শেষ দিকে পিএসজির বিশাল স্কোয়াড গভীরতার সঙ্গে পাল্লা দিতে পারেনি তারা। শেষ পর্যন্ত লিগে দ্বিতীয় হলেও ফ্রেঞ্চ কাপ জিতে সিজনটা স্মরণীয় করে রাখল পিয়ের সাজের দল।
এদিকে ফাইনালটি আরেকটি বিশেষ কারণে আলোচনায় আসে। ম্যাচের রেফারি জেরোম ব্রিসার্ড নিজের জার্সিতে ৮৪ নম্বর পরে মাঠে নামেন।মূলত ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান বাড়ানোর প্রচারণার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।








