
রাজস্থানের উদয়পুরের সেই জঙ্গল থেকে মানুষখেকো চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে।মাসখানেক ধরেই চিতাবাঘের হানায় তটস্থ হয়ে ছিল উদয়পুর।
জানা গিয়েছে, উদয়পুরের গোগুণ্ডা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের জঙ্গল থেকে চিতাবাঘের দেহটি উদ্ধার হয়েছে। এলাকাটি সায়রা থানার অন্তর্গত। বন দফতরের আধিকারিক সুনীল কুমার জানিয়েছেন, চিতাবাঘটির মুখে ও ঘাড়ে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত তাকে কুড়ুল জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে। বেশ কিছু দিন ধরেই উদয়পুরে দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘেরা। তবে এটি সেই মানুষখেকো চিতাবাঘদের দলের একজন কিনা, তা নিশ্চিত করে জানায়নি বন দফতর। সূত্রের খবর, শুক্রবার সকালে চিতাবাঘটি এলাকারই এক কৃষকের বাড়িতে ঢুকে পড়েছিল। প্রথমেই কৃষকের গরুর উপর ঝাঁপিয়ে পড়ে সে। তাকে বাধা দিতে গেলে উল্টে কৃষকের উপরেই চড়াও হয় চিতাবাঘটি। কৃষকের চিৎকারে স্থানীয়েরা ছুটে আসেন। এরপর সকলে মিলে ধারালো অস্ত্র নিয়ে চিতাবাঘটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যান।
বন দফতরের আধিকারিকদের আশঙ্কা, গ্রামবাসীদের আঘাতেই মৃত্যু হয়ে থাকতে পারে চিতাবাঘটির। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা।
ছবি সৌজন্যে : নিজস্ব








