
পশ্চিমবঙ্গে মেধার অভাব নেই। আমেরিকা, ইউরোপের নানা প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের মেধাবীরা।
ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা সভায় এ কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য, সরকার চায় সেই মেধা পশ্চিমবঙ্গেই থাকুক। রাজ্য স্কুলশিক্ষা দফতরের তরফে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বোর্ড এবং কেন্দ্রীয় বোর্ডের সিবিএসই এবং আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ১৪ মে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরেই প্রথম স্থানাধিকারী আদৃত পালের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনই তিনি জানিয়েছিলেন, কৃতীদের সংবর্ধনা দেবেন। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে কৃতী পরীক্ষার্থীদের কাছে স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে প্রকৃত শিক্ষা আহরণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেছেন, সরকার এ বার বিবেকানন্দ মেরিটস স্কলারশিপ যোজনা চালু করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবনা অনুসরণ করে নারীশিক্ষায় বিশেষ অগ্রাধিকার, দেশের প্রথম শিক্ষামন্ত্রী সর্বপল্লী রাধাকৃষ্ণণের শিক্ষার মার্গদর্শন সংক্রান্ত প্রসঙ্গও এসেছে তাঁর বক্তৃতায়।







