
কুম্ভমেলায় পুণ্যার্থীরা হারিয়ে গেলে খুঁজবে এআই। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবারের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পূর্ণকুম্ভে যাওয়া পুণ্যার্থীদের জন্য বেশ কিছু ডিজিটাল সুযোগ সুবিধা রাখছে প্রশাসন। বছরের শেষ মন কী বাত অনুষ্ঠানে সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১৩ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হবে। এবার দেশবাসী ডিজিটাল মহাকুম্ভর সাক্ষী থাকবেন।এই প্রথম বার কোনও কুম্ভমেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। চ্যাটবটের মাধ্যমে ১১টি ভারতীয় ভাষায় তথ্য সংগ্রহ করতে পারবেন পুণ্যার্থীরা। টেক্সট মেসেজ বা মৌখিক প্রশ্নের জবাব মিলবে চ্যাটবটের থেকে। কুম্ভমেলায় নজরদারির জন্য ব্যবহৃত ক্যামেরাতেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাঁর বক্তব্য, মেলায় ভিড়ের মধ্যে কেউ পরিবারের থেকে আলাদা হয়ে গেলে, এই ক্যামেরার মাধ্যমে তাঁকে সহজেই খুঁজে পাওয়া যাবে।১২ বছর পর ফের পূর্ণকুম্ভ মেলা বসছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তার জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরুও করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কী কী ডিজিটাল সুযোগ সুবিধা মিলবে, তারও একটি আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পুণ্যার্থীদের জন্য ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা রাখা হবে। পূর্ণকুম্ভ মেলা প্রাঙ্গণে কোথায় কী রয়েছে, সে বিষয়ে তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে।
কোন দিকে কোন ঘাট, মন্দির কিংবা কোন সন্ন্যাসীর আখড়া রয়েছে, তা সহজে পুণ্যার্থীরা জানতে পারবেন এই ডিজিটাল নেভিগেশন-এর মাধ্যমে।
