
বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের প্রতিভায় মুগ্ধ পেপ গুয়ার্দিওলা। কিন্তু তার সঙ্গে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির তুলনা পছন্দ নয় ম্যানচেস্টার সিটি কোচের। গুয়ার্দিওলার মতে, এখন ইয়ামালকে তার ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত।বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠেছেন ইয়ামাল,যেখান থেকে নিজেকে গড়ে ফুটবল ইতিহাসের সেরাদের একজন হয়েছেন মেসি।
নিজের সামর্থ্য দেখিয়ে কাতালান ক্লাবটির মূল দলে ১৫ বছর বয়সেই জায়গা করে নিয়েছেন ইয়ামাল।বার্সেলোনার সুদীর্ঘ ইতিহাসে সর্বকনিষ্ঠ,১৫ বছর ২৯০ দিন ফুটবলার হিসেবে মূল দলের হয়ে মাঠে নামার রেকর্ড ইয়ামালের। স্পেনের শীর্ষ ফুটবলে তার চেয়ে কম বয়সে খেলেছেন আর স্রেফ চার জন।এরপর থেকে কেবল ছুটছেন ইয়ামাল। দুর্দান্ত সব পারফরম্যান্সে এরই মধ্যে রেকর্ডের অনেক পাতায় নাম লিখিয়েছেন স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে লা লিগাসহ জিতেছেন কয়েকটি ট্রফি। স্পেনের হয়ে পেয়েছেন ইউরো জয়ের স্বাদ।
মাঠে ইয়ামালের জাদুকরি পারফরম্যান্স দেখে তাকে তুলনা করা হচ্ছে ক্যারিয়ারে প্রায় সব ট্রফি জেতা মেসির সঙ্গে। যা ভালো লাগছে না গুয়ার্দিওলার।তার মতে, ১৫ বছর খেলার পর বোঝা যাবে ইয়ামাল কতটা ভালো।১৮ বছর বয়সী ইয়ামালকে অবশ্য খাটো করে দেখছেন না গুয়ার্দিওলা। তার চোখে বার্সেলোনার এই ফুটবলার খুবই ভালো। কিন্তু মেসিকে তিনি রাখছেন অনেক উপরে।
