এসআইআর নিয়ে সূর্য কান্তকে চিঠি, সই আপ, ডিএমকের!

0
12
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ভোটার তালিকায় বিশেষ নিবিড় স‌ংশোধন এবং নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া । মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছে ২৩টি রাজনৈতিক দল। তাৎপর্যপূর্ণ ভাবে সেখানে সই রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ এবং এমকে স্ট্যালিনের দল ডিএমকে-রও। ৮ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া-র বৈঠকে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার বিষয়টি স্থির হয়েছিল। ওই বৈঠকে যোগ দিয়েছিল কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, সিপিএম-সহ ২১টি দল।

তামিলনাড়ুতে বিধানসভা ভোটের পর কংগ্রেস জোট ভেঙে থলপতি বিজয়ের টিভিকে-কে সমর্থন করায় রুষ্ট হয় ডিএমকে। ইন্ডিয়া ছাড়ার কথা ঘোষণা না-করলেও ৮ তারিখের বৈঠকে কোনও প্রতিনিধিকে পাঠায়নি তারা। মঙ্গলবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স-এ একটি পোস্ট করে জানান, ২৩টি রাজনৈতিক দল এবং এক জন নির্দল প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন রমেশের পোস্ট শেয়ার করে লিখেছেন, আপ এবং ডিএমকে-ও প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে স্বাক্ষর করেছে।